প্রকাশিত:
১২ সেপ্টেম্বার ২০২৬, ১৬:০২
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের আয়োজনে সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মুশরীভূজা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে পাঠাগারের সভাপতি মো. নূরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদ হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সাধারণ সম্পাদক ও দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু।
এ সময় বক্তব্য দেন ভোলাহাট উপজেলা বিএনপির সভাপতি ইয়াজদানী জর্জ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শামসুজ্জামান আলকাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আজগার আলী, মুশরীভূজা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সাত্তার, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শাহাজাহান আলী, মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও শিক্ষক মো. সারোয়ার জাহান এবং অভিভাবক মো. হামিদুর রহমান। এ ছাড়া কৃতি শিক্ষার্থী শাহ আলম, নাঈমা ইসমীন বক্তব্য দেন।
অনুষ্ঠানে দলদলী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বই প্রদান করা হয়। তাদের মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৮ জন, অষ্টম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ১২ জন এবং পঞ্চম শ্রেণিতে বৃত্তিপ্রাপ্ত ৯ জন শিক্ষার্থী রয়েছে।
আয়োজকরা জানান, দলদলী ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের উদ্যোগে প্রতি বছর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে উৎসাহ দেওয়া হয়।অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হোসেন মুশরীভূজা গণকেন্দ্র পাঠাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।
আলী হায়দার রুমান/আ.আ
মন্তব্য করুন: