[email protected] ঢাকা | রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬, ১১ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে জিপিএ-৫ পাওয়া ১২০০ শিক্ষার্থীকে জেলা পরিষদের সংবর্ধনা

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বার ২০২৬, ১৬:৫৭

শিক্ষার্থীর হাতে উপহার তুলে দিচ্ছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া প্রায় ১ হাজার ২০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এএনএম ওয়াসিম ফিরোজ এবং জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল মতিন।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদ বলেন, শিক্ষার্থীদের সহায়তার জন্য জেলা পরিষদের অর্থ বরাদ্দ রাখা হয়েছে। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সহায়তা করা হবে। তাঁর জেলায় কোনো শিক্ষার্থী যেন অর্থাভাবে লেখাপড়া বন্ধ করতে বাধ্য না হয়, সে ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাজীবন এগিয়ে নিতে জেলা পরিষদ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মো. আব্দুল বারী এমপি কৃতি শিক্ষার্থীদের হাতে মেডেল, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ তুলে দেন।

এ সময় সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর