প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ১৯:২৫
চাঁপাইনবাবগঞ্জে পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং জাতীয় শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. হারুনুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান এবং বিশিষ্ট সমাজসেবক মো. সেলিম রেজা।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক শবনম আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য দেন পাঠানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিভা বিকাশ করতে হবে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
আলোচনা পর্ব শেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে জাতীয় শিক্ষা পদক-২০২৬ এর ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: