[email protected] ঢাকা | শনিবার, ৩১শে অক্টোবর ২০২৬, ১৬ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

রাজশাহী বোর্ডে ৩৯ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ, শতভাগ পাস ৯টিতে

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৩১ অক্টোবার ২০২৬, ১৭:১৪

রাজশাহীমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক  শিক্ষাবোর্ড। ফাইল ছবি/সংগ্রহীত

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। অন্যদিকে, ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশে এ তথ্য উঠে আসে।

রাজশাহী শিক্ষা বোর্ডের প্রকাশিত ‘শূন্য পাস’ ও ‘শতভাগ পাস’ করা শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা থেকে এ তথ্য জানা গেছে। শূন্য পাস করা ৩৯টি প্রতিষ্ঠানে মোট ১৭৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। তাদের মধ্যে একজনও উত্তীর্ণ হতে পারেননি।

অন্যদিকে, শতভাগ পাস করা ৯টি প্রতিষ্ঠানে মোট ৩৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ হতে না পাড়া এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন।

শূন্য পাস করা ৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-বগুড়ার গাবতলীর তসলিম উদ্দিন তারাফদার কলেজ। এই কলেজের ৪৬ জন পরীক্ষার্থী ছিল। এছাড়া নওগাঁর নিয়ামতপুরের শাংসইল আদিবাসী স্কুল অ্যান্ড কলেজে ১৫ জন, রাজাপুর বাট্টোলিহাট কলেজের ৮জন, মান্দা এসসি মডেল পাইলট হাইস্কুল অ্যান্ড কলেজের ৬ জন, নাটোরের গুরুদাসপুরের বঙ্গবন্ধু সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিএম ইনস্টিটিউটের ১২ জন, পাবনা সাঁথিয়ার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক টুকু কলেজে ১০ জন, চন্দর স্কুল অ্যান্ড কলেজের ৪ জন, নাটোর সদরের আবুল খায়ের কলেজের ৮ জন, জয়পুরহাট সদরের শালপাড়া আইডিয়াল কলেজের ৭ জন, রাজশাহী জেলার পুঠিয়ার বেলপুকুরিয়া উইমেন্স কলেজের ৫ জন, বাঘার তেঁতুলিয়া পিরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ অ্যান্ড ভোকেশনালের ৩ জন, বাগমারার পীরগঞ্জ হাইস্কুল অ্যান্ড কলেজের ৩ জন, বোলশিং হাইস্কুল অ্যান্ড কলেজের ৩ জন, কাটিলা সবুজ সংঘ আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজের ২ জন, রাজশাহী কমার্স কলেজের ১ জন পরীক্ষায় অংশ নেয়।

এছাড়া নাটোরের নলডাঙ্গার সাতার ভাগ স্কুল অ্যান্ড কলেজের ৫ জন, সদরের বেগম খালেদা জিয়া কলেজের ৪ জন, এম রুহুল কুদ্দুস তালুকদার কলেজের ৪ জন, লালপুরের রাধাকান্তপুর হাইস্কুল অ্যান্ড কলেজের ৪ জন, সিংড়ার আগপাড়া শেরকোল বন্দর স্কুল অ্যান্ড কলেজের ৪ জন, চাঁচকৈড় নজম উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজের ৩ জন, মাঝগ্রাম হাইস্কুল অ্যান্ড কলেজের ৩ জন, সারকুটিয়া স্কুল অ্যান্ড কলেজের ২ জন, দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজের ২ জন, সিরাজগঞ্জের চাটিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ৩ জন, বগুড়ার বাগবাড়ী মডেল মহিলা কলেজের ৩ জন, ধলার চর স্কুল অ্যান্ড কলেজের ২ জন, গোসাইবাড়ী উইমেন্স কলেজের ২ জন, দুর্গাপুর আইডিয়াল উইমেন্স কলেজের ২ জন, ভোলাহাট কলেজের একজন, নাটোরের হয়বতপুর মাল্টিল্যাটারাল হাইস্কুল অ্যান্ড কলেজের একজন, নওগাঁর হাপানিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের একজন, আরিফ মেমোরিয়াল কলেজের একজন, ঘোনা আদর্শ হাইস্কুল অ্যান্ড কলেজের একজন, সিরাগঞ্জের এসবি রেলওয়ে কলোনি স্কুল অ্যান্ড কলেজের একজন, ছংগাছা উইমেন্স কলেজের একজন, রানীহাট আইডিয়াল কলেজের একজন, বগুড়ার আল্লামের তাকিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের একজন, জয়পুরহাটের মোলামগাড়ী আদর্শ কলেজের একজন পরীক্ষায় অংশ নেয়।

শতভাগ পাস করা ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান

বগুড়ার বিএএফ শাহীন কলেজ থেকে এবছর ৮০ জন পরীক্ষায় অংশ নিয়ে তারা সবাই উত্তীর্ণ হয়েছেন। মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৬ জন, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের ৫২ জন, পাবনা ক্যাডেট কলেজের ৪৮ জন, রাজশাহী ক্যাডেট কলেজের ৪৬ জন, স্কয়ার হাইস্কুল অ্যান্ড কলেজের ২৩ জন, সিংড়ার বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ১২ জন, রাজশাহীর দুর্গাপুরের হরিরামপুর স্কুল অ্যান্ড কলেজের ১ জন এবং সিরাজগঞ্জের হযরত শাহ কামাল কলেজের ১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ফলে এই কলেজগুলো থেকে শতভাগ পাস করেছে পরীক্ষার্থীরা।

শূন্য পাস করা ৩৯টি প্রতিষ্ঠানে মোট ১৮৬ জন পরীক্ষার্থী ছিলেন। শতভাগ পাস করা ৯টি প্রতিষ্ঠানে ছিলেন ৩৩৯ জন। তালিকায় রাজশাহী জেলার তিনটি প্রতিষ্ঠান শূন্য পাসের তালিকায় রয়েছে-বেলপুকুরিয়া উইমেন্স কলেজ, তেঁতুলিয়া পিরগাছা টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং রাজশাহী কমার্স কলেজ। অন্যদিকে, রাজশাহী ক্যাডেট কলেজ শতভাগ পাস করেছে।

শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরিন বলেন, শতভাগ ফেল করা কলেজগুলোকে চিঠি দেওয়া হবে। কেন এমন ফলাফল তা জানতে চাওয়া হবে। বিগত বছরে এমন ফেল করা কলেজগুলোতে চিঠি দিয়ে শিক্ষাবোর্ডে ডাকা হয়েছিল। এ বছর সেই সব কলেজে শতভাগ ফেল নেই।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর