[email protected] ঢাকা | শুক্রবার, ২৬শে জুন ২০২৬, ১১ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

ডা. মাহফুজ রায়হানের বদলির প্রতিবাদে সর্বস্তরের মানুষের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৫ জুন ২০২৬, ১৬:৪৫

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হানের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১ ঘটিকায় সদর হাসপাতালের সামনে অনুষ্ঠিত হয়। এই আয়োজিত মানববন্ধনে অংশ নেন অভিভাবক, সচেতন নাগরিক, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, ডা. মাহফুজ রায়হান শুধু একজন চিকিৎসক নন, তিনি চাঁপাইনবাবগঞ্জের শিশুস্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য নাম। তাঁর আন্তরিকতা, পেশাগত দক্ষতা এবং মানবিক আচরণ সাধারণ মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে শিশুদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। করোনা মহামারি ও সাম্প্রতিক হাম (মিজলস) পরিস্থিতিতে তাঁর দায়িত্বশীল ভূমিকা এবং নিরলস পরিশ্রম জেলার মানুষের কাছে প্রশংসিত হয়েছে। বিশেষ করে সংকটময় সময়ে শিশু রোগীদের চিকিৎসা এবং অভিভাবকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদানের মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

অংশগ্রহণকারীরা দাবি করেন, জেলার শিশুস্বাস্থ্যসেবার বর্তমান বাস্তবতায় ডা. মাহফুজ রায়হানের মতো একজন দক্ষ ও জনবান্ধব চিকিৎসকের বদলি জনস্বার্থের পরিপন্থী। তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তাঁর বদলির আদেশ পুনর্বিবেচনা করে দ্রুত প্রত্যাহারের আহ্বান জানান।

এদিকে ডা. মাহফুজ রায়হানকে বর্তমান কর্মস্থলে বহাল রাখার দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই পোস্ট ও মন্তব্যে লিখেছেন, “চাঁপাইনবাবগঞ্জবাসীর প্রাণের দাবি—ডা. মাহফুজ রায়হানকে বর্তমান কর্মস্থলে বহাল রাখা হোক।”

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করে বলেন, জেলার কোমলমতি শিশুদের স্বাস্থ্যসেবার স্বার্থে এবং সাধারণ মানুষের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে কর্তৃপক্ষ দ্রুত একটি ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর