[email protected] ঢাকা | মঙ্গলবার, ১১ই আগস্ট ২০২৬, ২৭শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন ১৮ ডেঙ্গু রোগী ভর্তি, মোট আক্রান্ত ২৮

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৬, ২২:০৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল। কোলাজ: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ১৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর ফলে বর্তমানে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে।

সোমবার (১০ আগস্ট) জেলা হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া দৈনিক ডেঙ্গু সংক্রান্ত তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন ভর্তি হওয়া ১৮ জন রোগীর মধ্যে পুরুষ ৬ জন, নারী ৮ জন এবং শিশু ৪ জন (যার সবাই ছেলে শিশু)। নতুন ভর্তি হওয়া এসব রোগীদের নিয়ে হাসপাতালে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছিল ৪১ জনে। তবে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন (পুরুষ ১০ জন ও নারী ৩ জন)। এই সময়ে কোনো রোগীকে অন্য হাসপাতালে রেফার্ড করতে হয়নি এবং ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

বর্তমানে চিকিৎসাধীন ২৮ জন রোগীর মধ্যে ১২ জন পুরুষ, ১১ জন নারী এবং ৫ জন শিশু (সবাই ছেলে)।

প্রতিবেদনে আরও দেখা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সর্বমোট ২২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

এছাড়া, হাসপাতালের বহির্বিভাগে (ওপিডি) সোমবার নতুন করে আরও ১৩ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বছরের শুরু থেকে অদ্যাবধি বহির্বিভাগে মোট ১৩৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হলেন।

তবে আশার কথা হলো, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যুর ঘটনা ঘটেনি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর