[email protected] ঢাকা | শুক্রবার, ২১শে আগস্ট ২০২৬, ৬ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এমপিও সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২০ আগষ্ট ২০২৬, ১৯:৫৯

ছবি: সংগ্রহীত

প্রেসক্রিপশনের ছবি তোলা ও 4P সার্ভে বন্ধ, বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো, টি.এ/ডি.এ বৃদ্ধি এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য সুনির্দিষ্ট চাকরির নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবিতে রাজশাহীতে বিশাল এমপিও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে রাজশাহী বিভাগ ফারিয়ার উদ্যোগে এবং মহানগর ও জেলা ফারিয়ার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় এক সহস্রাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

‘ঐতিহ্য, মর্যাদা ও পেশাদারিত্বে আমরা সবাই একসাথে’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি শামস নয়ন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার সভাপতি হাবিবুর রহমান হাবিব। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
সমাবেশে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগ ফারিয়ার সভাপতি খাইরুল ইসলাম।

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার স্থায়ী পরিষদ সদস্য আব্দুল্লাহেল বাকী ও জামিউল হক সোহেল, কেন্দ্রীয় ফারিয়ার উপদেষ্টা আরিফুল ইসলাম রতন, প্যানেল সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ, সিনিয়র সহসভাপতি নাজমুস সাকিব, রাজশাহী মহানগর ফারিয়ার সাধারণ সম্পাদক মাসুদ আলম নয়ন এবং রাজশাহী জেলা ফারিয়ার সিনিয়র সহসভাপতি আবু মাসুদ রানা প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতের গুরুত্বপূর্ণ অংশ। তারা আধুনিক চিকিৎসাবিজ্ঞানের তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি ওষুধের ব্যবহার ও চিকিৎসাসংক্রান্ত তথ্য আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অথচ তাদের পেশাগত মর্যাদা, চাকরির নিরাপত্তা ও ন্যায্য অধিকার দীর্ঘদিন ধরে উপেক্ষিত হচ্ছে।

বক্তারা কথায় কথায় চাকরি ছাঁটাই বন্ধ, বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো প্রণয়ন, টি.এ/ডি.এ বৃদ্ধি এবং প্রতিনিধিদের জন্য নির্দিষ্ট ৮ ঘণ্টার কর্মদিবস নিশ্চিত করার দাবি জানান। অতিরিক্ত সময় কাজ করালে শ্রম আইন অনুযায়ী ওভারটাইম দেওয়ারও দাবি করেন তারা।

এছাড়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দিয়ে প্রেসক্রিপশন সার্ভে ও ক্রেডিট কালেকশন বন্ধ, প্রত্যেক কোম্পানিতে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি চালু, জীবনবীমা নিশ্চিত, ইনসেন্টিভের ক্ষেত্রে অযৌক্তিক প্যারামিটার বাতিল করে প্রাপ্য ইনসেন্টিভ পরিশোধ, সাপ্তাহিক ও সরকারি ছুটি নিশ্চিত এবং মোটরসাইকেলের জন্য প্রতিনিধিদের বেতন থেকে কোনো অর্থ কর্তন না করার দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য কর্মীবান্ধব ও সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। হাসপাতাল ও ক্লিনিকে প্রতিনিধিদের কাজের পথে থাকা বাধা দূর করে নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে দায়িত্ব পালন করা প্রতিনিধিদের চাকরির নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করা জরুরি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে বলেও তারা ঘোষণা দেন।

সমাবেশে সহস্রাধিক প্রতিনিধির উপস্থিতিতে রাজশাহী মেডিকেল কলেজ এলাকা মুখরিত হয়ে ওঠে। বক্তারা ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন।

সমাবেশ শেষে কর্মসূচি সফল করায় উপস্থিত প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানান সভাপতি। একই সঙ্গে পরবর্তী নির্দেশনার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর