প্রকাশিত:
১০ সেপ্টেম্বার ২০২৬, ২২:৩৮
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর সংক্রমণ শহর থেকে গ্রামেও ছড়িয়ে পড়ছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে ডেঙ্গুবাহিত এডিস মশার বিস্তার ঘঠছে। ফলে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলা হাসপাতালের পরিসংখ্যানের বাইরে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে এবং অনেকেই সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছে।
এই অবস্থা থেকে উত্তরণের লক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ‘ডেঙ্গু সংক্রমণ নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কিত’ এক সভার আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। স্বাস্থ্য বিভাগের তথ্য তুলে ধরেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন। সূচনা বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান।
আলোচনায় অংশ নেন— জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্য, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আরএমও ডা. মাহবুব হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মামুন অর রশিদসহ অন্যরা।
মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ক পৌরসভার বিভিন্ন কার্যক্রম মাল্টিমিডিয়ায় তুলে ধরেন শহর পরিকল্পনাবিদ ইমরান হোসেন। এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন উপজলা নির্বাহী অফিসাররা।
সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ইমাম, গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধ, চিকিৎসা ব্যবস্থাপনা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদারকরণের নিদের্শনা প্রদান করা হয়। এছাড়া ডেঙ্গু সচেতনতায় ঝোপঝাড় ও ড্রেন পরিষ্কার, লিফলেট বিতরণ, ব্যানার টানানো, মাইকিংয়ের মাধ্যমে প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মসজিদের ইমাম ও ইউপি চেয়ারম্যানের মাধ্যমে এলাকায় জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান হয়।
জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। এটিকে বিপর্যয় বিবেচনায় চিকিৎসার পাশাপাশি ব্যাপক গণসচেতনতা গড়ে তুলতে হবে। জরুরি পরিস্থিতির মতো ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আগামী তিন মাস সকলকে একযোগে কাজ করার জন্য আহ্বান জানান তিনি।
সভায় জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কর্মসূচির উদ্বোধন করবেন। এদিন চাঁপাইনবাবগঞ্জ জেলাজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে।
প্রতিনিধি/আ.আ
মন্তব্য করুন: