প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৬, ২২:৩৪
চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৪২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৩৩ জন, শিবগঞ্জে ৫ জন, গোমস্তাপুরে ৩ জন এবং নাচোলে ১ জন নতুন রোগী চিকিৎসা নিতে শুরু করেছেন।
সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ২৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের দৈনিক ডেঙ্গু রিপোর্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় সর্বমোট ১,৭৬৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
এই সময়ের মধ্যে জেলায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে মোট ১০৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। যার মধ্যে পুরুষ ৬৭ জন এবং নারী ৪০ জন।
হাসপাতালভিত্তিক রোগী ভর্তির চিত্র হলো— জেলা হাসপাতালে ৯২ জন (পুরুষ ৫৩, নারী ৩৯), শিবগঞ্জে ৮ জন, গোমস্তাপুরে ৫ জন, নাচোলে ৩ জন এবং ভোলাহাটে ৩ জন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু মুক্ত হয়ে সুস্থ বা রিলিজ পেয়ে হাসপাতাল ছেড়েছেন ২৮ জন এবং ১ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ কে এম শাহাব উদ্দীন বলেন, স্থানীয় বাসিন্দাদের মশার কামড় থেকে বাঁচতে সচেতন থাকার এবং বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোন বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার আহবান জানান তিনি।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: