প্রকাশিত:
১ অক্টোবার ২০২৬, ২০:১৯
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘তুমিই বাংলাদেশ’ এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার রহনপুর খান আজহারুল উলুম ইসলামীয়া মাদ্রাসা চত্বরে সকাল ৭টা থেকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে মাদ্রাসাটির সকল শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। চিকিৎসকরা শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ প্রদান করেন।
আয়োজকরা জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং অসচ্ছল মানুষের চিকিৎসা-সহায়তায় পাশে দাঁড়ানোই এ আয়োজনের মূল উদ্দেশ্য। অর্থের অভাবে যারা প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারেন না, তাদের জন্য ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালের মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. মো. গোলাম সারোয়ার, ঢাকা পিজি হাসপাতালের নাক-কান-গলা বিভাগের চিকিৎসক ডা. সেলিম রেজা, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী সার্জন এ.এফ.এম. মাহমুদুর রহমান, নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE)-এর প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী তৌহিদ সারোয়ারসহ ‘তুমিই বাংলাদেশ’ সংগঠনের সদস্যরা।
আব্দুল্লাহ নাহিদ/আ.আ
মন্তব্য করুন: