প্রকাশিত:
২২ নভেম্বার ২০২৬, ২০:৩২
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতা বৃদ্ধিতে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও পৌরসভা। রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত আটটি টিমের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে ৮ নম্বর টিম এ অভিযান পরিচালনা করে।
ওয়ার্ডের মাঝপাড়া, রামকৃষ্টপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম চালানো হয়। অভিযানকালে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস করা হয়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক। এ সময় পৌর কর্মচারী সংসদের সেক্রেটারি মো. আব্দুল আজিজ খাঁন, সহকারী কর নির্ধারক মো. রাসেল, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নওরোজ হুদা, স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অংশ নেন।
অভিযান সম্পর্কে ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু মশার ওষুধ ছিটিয়ে সুফল পাওয়া সম্ভব নয়। এর পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, ফুলের টব ও বিভিন্ন পাত্রে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করে। তাই প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।
প্রশাসনের পাশাপাশি নগরবাসী সচেতনভাবে এগিয়ে এলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে।”তিনি আরও বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত মশক নিধন, প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এ কার্যক্রম সফল করতে নগরবাসীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়েছে।
এনামুল হক নাসিম/ই.ই
মন্তব্য করুন: