[email protected] ঢাকা | রবিবার, ৮ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২
thecitybank.com

ইরানের ৪২টি জাহাজ ধ্বংসের দাবি ট্রাম্পের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৭ মার্চ ২০২৬, ২২:৩০

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি/সংগ্রহীত

মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়ে তিন দিনে ইরানের নৌবাহিনীর অন্তত ৪২টি জাহাজ ধ্বংস করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থাকেও ধ্বংস করার দাবি করেছেন তিনি।

ইরানের পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, আমেরিকা ইরানে ‌‌খুব ভালো করছে। এটা অসাধারণ হয়েছে। চলমান সংঘাতে ইতোমধ্যে যেসব মার্কিন কর্মী নিহত হয়েছেন, এই বক্তব্যের পর তাদের পরিবারকে শুভেচ্ছা জানানোর কথাও উল্লেখ করেন ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তারা সকলেই আমাদের দেশের মহান বীর; যারা ইরান থেকে তাদের ধারণার চেয়ে ভিন্নভাবে দেশে ফিরছেন।

এদিকে, একই দিনে ইরানে কঠোর আঘাত হানা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের নতুন নতুন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‌‌‘‘আজ ইরানে অত্যন্ত কঠোর আঘাত হানা হবে!’’

তিনি বলেন, ‘‘ইরানের অশোভন আচরণের কারণে এমন কিছু এলাকা ও জনগোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে; যা এই মুহূর্ত পর্যন্ত আমাদের লক্ষ্যবস্তুর তালিকায় ছিল না।’’

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান শনিবার এক বক্তব্যে ‘‘তেহরান কখনো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না’’ বলে মন্তব্য করার পরই ট্রাম্প ওই হুমকি দিয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরানও ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলসহ বিভিন্ন দেশে থাকা মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান ইরানের হামলার জন্য প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, তেহরান প্রতিবেশীদের লক্ষ্যবস্তু করবে না; যদি তাদের ভূখণ্ড থেকে ইরানের ওপর কোনও হামলা না চালানো হয়।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর