প্রকাশিত:
১৭ অক্টোবার ২০২৬, ২৩:২৫
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় উত্তরাঞ্চলে দুর্গাপূজার একটি প্যান্ডেলে পদদলিত হয়ে ১৭ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৭ অক্টোবর) চোরবাগান সার্বজনিন পূজা প্যান্ডেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এরপর ৩৫ জনকে এমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কলকাতা পুলিশ এ নিয়ে এক বিবৃতিতে বলেছে, “আজ ৮টা ৪০ মিনিটের দিকে গিরিশ পার্ক থানার চোরবাগান সর্বজনিন পূজার প্যান্ডেলের বের হওয়ার গেটে পদদলনের ঘটনা ঘটে। ওই সময় সেখানে ব্যাপক বৃষ্টি হওয়ায় প্যান্ডেলের ভেতর সাধারণ মানুষের প্রচুর ভিড় হয়। ওই সময় অনেকে পদদলিত হন। আহত সবাইকে উদ্ধার করে এমসিএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।”
পদদলিত হয়ে ১৭ জনের মৃত্যু হওয়ার পর প্যান্ডেলটি এখন দর্শনার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এক প্রত্যক্ষদর্শী বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, পদদলনের সময় অনেক মানুষ জ্ঞান হারান। এরপর তাদের মোটরসাইকেল ও অন্যান্য বাহনে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
প্রত্যক্ষদর্শী বলেন, “প্যান্ডেলে ঢোকার রাস্তাটি অনেক সরু ছিল, বের হওয়ার গেটটিও সরু ছিল। ওই এলাকায় কোনো লাইটিংও ছিল না। আমার মেয়ে ও নাতি আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।”
ঘটনার ভয়াবহতা বেশি হওয়ায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মুখ্যসচিব মনোজ আগারওয়াল হাসপাতালে ছুটে গেছেন।
অপরদিকে সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এ ঘটনায় দুঃখ প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
তিনি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেছেন, “চোরবাগান পূজা প্যান্ডেলে পদদলনের ঘটনা জানতে পেরে আমি অত্যন্ত ব্যথিত ও দুঃখিত। আমি মা দুর্গার কাছে সব আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং হতাহতদের পরিবারের প্রতি এই শোক সওয়ার মতো শক্তি কামনা করছি।”
সূত্র: এনডিটিভি/ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: