[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৩শে জুন ২০২৬, ৮ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের অংশীজন সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২২ জুন ২০২৬, ২৩:২৮

শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের অংশীজন সভায় অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ শহর বাইপাস সড়ক (এন-৬০৬) নির্মাণ প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে অংশীজনদের (স্টেকহোল্ডার) এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন ) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক জনাব আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. হারুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফয়সাল রায়হান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. নাহিনুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, সহকারী কমিশনার (ভূমি) ইকরামুল হক নাহিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান কর্মকর্তারা।

সভায় চাঁপাইনবাবগঞ্জ শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্পের বিভিন্ন দিক, বাস্তবায়ন পরিকল্পনা, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং জনসাধারণের জন্য এর সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা মতামত ও পরামর্শ প্রদান করেন এবং প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, শহর বাইপাস সড়ক নির্মিত হলে ভারী যানবাহনের চাপ কমবে, শহরের যানজট নিরসনে ইতিবাচক প্রভাব পড়বে এবং জেলার অভ্যন্তরীণ ও আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থা আরও গতিশীল হবে। পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও এ সড়ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। সভায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগের পক্ষ থেকে প্রকল্পটির দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠু বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। এতে বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্থানীয় অংশীজন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর