[email protected] ঢাকা | বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬, ৩১শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

গ্রাম আদালতে বাড়ছে আস্থা, চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৬ হাজার মামলা নিষ্পত্তি

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বার ২০২৬, ২৩:২১

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের সম্পৃক্ততা বাড়াতে আয়োজিত সমন্বয় সভায় অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

গ্রামীণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি করায় গ্রাম আদালতের প্রতি মানুষের আস্থা বাড়ছে। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জে গ্রাম আদালতে ৬ হাজার ৩১১টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ৬ হাজার ১১০টি মামলা নিষ্পত্তি হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও অংশীজনদের সম্পৃক্ততা বাড়াতে আয়োজিত সমন্বয় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকারের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।

সভায় উপস্থাপিত তথ্যে জানা যায়, দায়ের হওয়া মামলার মধ্যে ৫ হাজার ৮১৭টি ইউনিয়ন পরিষদে সরাসরি এবং ৪৯৪টি জেলা আদালত থেকে প্রেরিত। আবেদনকারীদের ৬০ শতাংশ পুরুষ ও ৪০ শতাংশ নারী। নিষ্পত্তি হওয়া মামলার মধ্যে ৫ হাজার ২২৮টির রায় বাস্তবায়ন হয়েছে। এসব মামলায় মোট ২ কোটি ৬২ লাখ ৯৪ হাজার ২৪৪ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।

সভায় জানানো হয়, গ্রাম আদালতে সাধারণত ইউনিয়ন পরিষদে লিখিত আবেদন করে মামলা করা যায়। বিরোধের বিষয়, আবেদনকারীর পরিচয় ও প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে চেয়ারম্যানের কাছে আবেদন দিতে হয়। আবেদন গ্রহণের পর সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ দেওয়া এবং উভয় পক্ষের বক্তব্য ও প্রমাণ পর্যালোচনা করে গ্রাম আদালত শুনানি ও সিদ্ধান্ত দেয়। ফলে আদালতে দীর্ঘদিন মামলা পরিচালনার তুলনায় স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির সুযোগ তৈরি হয়।

সভাপতির বক্তব্যে উজ্জ্বল কুমার ঘোষ বলেন, গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের জন্য হলেও অনেকেই এর এখতিয়ার ও কার্যক্রম সম্পর্কে জানেন না। তাই ইউনিয়ন পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে মানুষকে এ সেবা সম্পর্কে জানাতে হবে। সভায় এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি উত্তম মন্ডল বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু ও মশাবাহিত রোগ বিষয়ে তাদের জনসচেতনতামূলক কার্যক্রমে গ্রাম আদালতের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন। ভবিষ্যতেও এসব কর্মসূচির মাধ্যমে গ্রাম আদালতের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করা হবে। রেডিও মহানন্দার প্রতিনিধি রেজাউল করিম জানান, গণমাধ্যমের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে মানুষকে সচেতন করা হচ্ছে।

বক্তারা বলেন, স্থানীয় পর্যায়ে বিরোধ দ্রুত ও স্বল্প ব্যয়ে নিষ্পত্তিতে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ব্যবস্থার সুফল আরও বিস্তৃত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, গণমাধ্যম, সুশীল সমাজ ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত প্রচার-প্রচারণা বাড়ানো প্রয়োজন। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহায়তায় জেলা প্রশাসন এ সমন্বয় সভার আয়োজন করে।

করিমোল্লাহ্/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর