প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৬, ২০:৩২
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ভোটের লড়াইয়ে মাঠে নেমেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল। এর আগে ২০১৮ সালে এ আসন থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর কাছে বিপুল ভোটে পরাজিত হয়েছিলেন।
নির্বাচনী হলফনামা অনুযায়ী মো: নূরুল ইসলাম ০৭/০২/১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন এবং তিনি এম এস.এস ডিগ্রিধারী। তার পিতার নাম মোহা: ইসরাইল, মাতার নাম মোসা: নূরজাহান বেগম নূরী এবং স্ত্রীর নাম কোহিনুর আখতার সীমা। তার দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। বর্তমান ঠিকানা ঢাকার পশ্চিম মেরুলবাড্ডায় হলেও তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদরের আংগারিয়াপাড়া গ্রামে।
এছাড়া হলফনামায় নুরুল ইসলাম বুলবুলের নামে কোনো স্থাবর সম্পতি বা জমিজমা, প্লট, গাড়ি বা বাড়ি নেই বলে উল্লেখ করা হয়েছে। এমনকি তার স্ত্রীর নামেও কোনো বাড়ি, গাড়ি, জমি বা প্লট নেই।
রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামায় নুরুল ইসলাম বুলবুল নিজের পেশা হিসেবে ব্যাবসা ও চাকুরি দেখিয়েছেন। নিজের স্ত্রীকে উল্লেখ করেছেন শিক্ষিকা হিসেবে। এছাড়া বার্ষিক আয়ের হিসাবে তিনি চলতি ২০২৫-২৬ অর্থবছরে হলফনামা জমা দেওয়ার দিন পর্যন্ত আয় দেখিয়েছেন ৯ লাখ ৩৮ হাজার ৬৬৭ টাকা। এর মধ্যে তিনি ব্যাবসা থেকে আয়ে দেখিয়েছেন ২ লাখ ৫৬ হাজার টাকা এবং বাকি ৬ লাখ ৮২ হাজার ৬৬৭ টাকার আয় দেখিয়েছেন পরামর্শক হিসেবে। এর বাইরে বুলবুলের নগদ অর্থ আছে ৩০ লাখ ৫০ হাজার ৫৫০ টাকা, ব্যাংকের দুইটি এক্যাউন্টে আছে ১ লাখ ১ হাজার ৬০৯ টাকা, বন্ড ২ লাখ ২০ হাজার টাকা, স্বর্ণ ২০ ভরি, ১ লাখ টাকা মূল্যের ইলেকট্রিক পন্য , দেড় লাখ টাকা মূল্যের আসবাবপত্র এবং বিনিয়োগ রয়েছে ১২ লাখ ৫ হাজার ১১ টাকা।
অপরদিকে তার শিক্ষিকা স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা। এছাড়া নগদ অর্থ ১৮ লাখ ৩০ হাজার ২৫০ টাকা, ব্যাংকে জমাকৃত অর্থ ৫ লাখ ২০ হাজার ২০১ টাকা, উপহার হিসেবে প্রাপ্ত স্বর্ণ ১৪ ভরি হলফনামায় দেখানো হয়েছে। এছাড়া নুরুল ইসলাম বুলবুলের ছেলের একটি মোটরসাইকেল আছে যার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা এবং মেয়ে জাইমা নূরের ব্যাংকে ১০ হাজার ১৩৭ টাকা জমা আছে।
এছাড়াও নুরুল ইসলাম বুলবুলের নামে বিভিন্ন সময়ে দায়েরকৃত ৪৩ টি রাজনৈতিক মামলা রয়েছে। তার মধ্যে ঢাকার যাত্রাবাড়ি থানার একটি মামলা ( ১৩(১০)২০২২) চলমান আছে এবং বর্তমানে তিনি এই মামলায় জামিনে রয়েছেন বলে তার আইনজীবী এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ জানিয়েছেন। এছাড়া বাকি মামলার গুলোর মধ্যে কিছু মামলায় অব্যাহতি, খালাস ও প্রত্যাহার আবার কিছু মামলায় পুলিশে রির্পোটে নির্দোষ বলে প্রমানিত হয়েছেন বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমাদানের তথ্যে তিনি ৯ লাখ ৪১ হাজার ৩২২ টাকা আয় দেখিয়েছেন। সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৪৮ লাখ ৭৩ হাজার ৯০৪ টাকা। চলতি অর্থবছরে ৫৮ হাজার ৩০১ টাকা আয়কর জমা দিয়েছেন নুরুল ইসলাম বুলবুল। এছাড়া তার স্ত্রী ২০২৫-২৬ অর্থবছরের আয়কর রিটার্ন জমাদানের তথ্যে তিনি ৩ লাখ ৩৭ হাজার ২২৭ টাকা আয় দেখিয়েছেন। সম্পদের পরিমাণ দেখিয়েছেন ১৭ লাখ ২৩ হাজার ৭২২ টাকা। চলতি অর্থবছরে এক হাজার ৩১৯ টাকা আয়কর জমা দিয়েছেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: