প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৬
আগামীকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের আমীর ডা. শফিকুর রহমান। এই জনসভাকে সামনে রেখে পুরো শহর জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে।
জনসভা সফল করতে আজ সকাল থেকেই চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন জামায়াত নেতা নূরুল ইসলাম বুলবুল। তিনি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জনসভায় যোগদানের আমন্ত্রণ জানাচ্ছেন এবং 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট প্রার্থনা করছেন।
গণসংযোগকালে নূরুল ইসলাম বুলবুল বলেন, "আগামীকালের জনসভা হবে একটি ঐতিহাসিক জনসমুদ্র। চাঁপাইনবাবগঞ্জের মানুষ পরিবর্তনের অপেক্ষায় রয়েছে এবং ডা. শফিকুর রহমানের আগমনে সেই জাগরণ আরও বেগবান হবে।" তিনি একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ার লক্ষ্যে জনগণের সমর্থন ও দোয়া কামনা করেন।
ইতিমধ্যেই জনসভার মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে এবং নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে জামায়াত নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেছেন । জনসভা আয়োজনে শৃঙ্খলা রক্ষায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলে দলীয় সূত্রে জানা গেছে।
উল্লেখ্য যে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জনসভাটি চাঁপাইনবাবগঞ্জের রাজনীতিতে অত্যন্ত গুরুত্ব বহন করছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: