প্রকাশিত:
৬ ফেব্রুয়ারী ২০২৬, ২২:২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে উঠেছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের হাইস্কুল মাঠে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলাম নির্বাচনী সমাবেশে ভোটারদের উপচে পড়া ভিড় ও 'দাঁড়িপাল্লা' প্রতীকের সমর্থনে ব্যাপক উৎসাহ দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, চরবাগডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন এলাকা থেকে আগত লোকজনে এই জনসভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয়। দুপুরের পর থেকেই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে দাঁড়িপাল্লা প্রতীক ও দলীয় পতাকাবাহী খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার কর্মী-সমর্থক জনসভাস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন আর "দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা" স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা
স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের মধ্যে এই নির্বাচন নিয়ে বিশেষ উদ্দীপনা দেখা গেছে। দীর্ঘ বিরতির পর জামায়াতে ইসলামী তাদের দলীয় প্রতীক নিয়ে সরাসরি মাঠে নামায় জনমনে এই আগ্রহ তৈরি হয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সমাবেশে আগত সাধারণ মানুষ জানান, তারা সৎ ও যোগ্য নেতৃত্ব বেছে নিতে উন্মুখ হয়ে আছেন।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, "চরবাগডাঙ্গার মানুষ দীর্ঘ সময় উন্নয়ন থেকে বঞ্চিত। নদী ভাঙন রোধ এবং সীমান্ত এলাকার মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে দাঁড়িপাল্লার কোনো বিকল্প নেই।" তিনি আরও প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে এই অবহেলিত জনপদকে একটি আধুনিক ও ইনসাফভিত্তিক মডেলে রূপান্তর করবেন।
নির্বাচনী জনসভায় আরোও উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, সাবেক এমপি লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মুখলেসুর রহমান ও উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমসহ প্রমুখ।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: