[email protected] ঢাকা | রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২
thecitybank.com

সংবাদ সম্মেলনে মাহদী আমিন

জামায়াত আমিরের নির্বাচনী বিতর্কের আহ্বান ভাইরাল হওয়ার কৌশল

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৭ ফেব্রুয়ারী ২০২৬, ২২:২৩

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন। ফাইল ছবি/সংগ্রহীত

সম্প্রতি জামায়াতের পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া উন্মুক্ত নির্বাচনী বিতর্কের আহ্বানকে ভাইরাল হওয়ার একটি কৌশল হিসেবে দেখছে বিএনপি- এমনটাই জানিয়েছেন দলের বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহদী আমিন জানান, প্রচারণার শেষ সময়ে এসে জামায়াতের এমন প্রস্তাব স্রেফ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার একটি কৌশল হতে পারে।

বিএনপির নির্বাচনী মুখপাত্র আরও বলেন, এই বিষয়ে তারেক রহমানের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কোনো কথা হয়নি। তবে আমার কাছে মনে হয়েছে ফেসবুকে একটা পোস্ট করা এবং তারেক রহমানের অ্যাকাউন্টকে ট্যাগ করা বেশ চটকদার একটা বিষয়। আগামীকাল, পরশুদিন চেয়ারম্যানের শিডিউল খালি নেই।

মাহদী আমিন বলেন, এই যে পলিসি ডিবেটের কথা বলা হচ্ছে, বিএনপি তো হুট করে পলিসিটা দেয়নি। আপনারা ২০১৩ সালে জুলাই মাসে তারেক রহমানের একটা বক্তব্য যদি দেখেন, ফেসবুকে আছে, ইউটিউবে আছে—একটি ইফতারের প্রোগ্রামে উনি যে বক্তব্য দিয়েছিলেন তার অনেকটুকুই কিন্তু ইলেকশন ম্যানিফেস্টোতে আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ ২০১৩ সালে উনি যে বক্তব্য দিয়েছিলেন সেটি কিন্তু তারও আগে প্রায় কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত ছিল। আমরা দেখলাম তারেক রহমান গত প্রায় এক যুগের বেশি সময় ধরে অনেকগুলো সুবিন্যস্ত, সুনির্দিষ্ট পলিসির কথা বলেছেন। ফ্যাসিবাদের সময় যখন আইন-আদালতের মাধ্যমে উনার বাকস্বাধীনতাকে হরণ করে উনার বিভিন্ন বক্তব্য প্রচারে বাধা দেওয়া হয়েছিল, আপনারা সেগুলো হয়তো সেভাবে প্রচার করতে পারেননি। কিন্তু বিএনপির নির্বাচনি ইশতেহার উনার সেই বক্তব্য, বিবৃতি, পলিসির আলোকেই নির্ধারিত হয়েছে।

মাহদী আমিন বলেন, দীর্ঘ সময় ধরে কোনো আলোচনা, কোনো সমালোচনা, কোনো যৌক্তিক বয়ান তৈরি না করে হুট করে নির্বাচনের আগে পলিসি ডিবেটটা কেন—এটা যেমন একটা প্রশ্ন রাখে, একইভাবে আমার জানামতে জামায়াতের যিনি আমির রয়েছেন উনার কোনো পলিসি পোস্ট আমি গত দেড় বছরে তো দেখিনি। তার আগে গত ১৬ বছর ১৮ বছরে কখনোই দেখিনি। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি থেকে আমরা যে ম্যানিফেস্টো করেছি, ডিফারেন্ট প্রফেশনাল টিমসরা কাজ করেছে, উনার ভিশনকে সামনে রেখে। জামায়াতের আমিরের ক্ষেত্রে কি এটাই প্রযোজ্য নাকি উনার টিম মেম্বাররা করেছেন, উনি শুধু ওয়াকিবহাল হয়েছেন—সেটা আমরা জানি না।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর