প্রকাশিত:
২১ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:৪৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বিপুল ভোটে জয়লাভের পর সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বারের মতো নিজ সংসদীয় আসন চাঁপাইনবাবগঞ্জে আসলে তাকে ফুলের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন জানান নেতাকর্মীরা।
জানা যায়, বিজয় নিশ্চিত হওয়ার পর থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতা-কর্মীরা দলে দলে এসে তাকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। বিশেষ করে তরুণ ভোটার এবং মেহনতি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাধারণ জনগণের এই ভালোবাসায় আপ্লুত নূরুল ইসলাম বুলবুল ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, এই জয় কেবল তার একার নয়, বরং এটি চাঁপাইনবাবগঞ্জের অবহেলিত ও শান্তিকামী মানুষের জয়। যারা শত প্রতিকূলতার মাঝেও তাকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি তিনি আজীবন ঋণী হয়ে থাকবেন বলে জানান।
নির্বাচিত হওয়ার পর থেকেই নূরুল ইসলাম বুলবুল এলাকার উন্নয়নে তার দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করছেন। তিনি জানান, সদর আসন থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূল করে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ চাঁপাইনবাবগঞ্জ গড়ার কাজ তিনি দ্রুত শুরু করবেন। বিশেষ করে শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টিতে তিনি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। জনগণের ভালোবাসা ও আস্থার প্রতি সম্মান জানিয়ে তিনি নিজেকে একজন জনসেবক হিসেবে উৎসর্গ করার অঙ্গীকার করেন। বর্তমানে তিনি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন এবং তার নেতৃত্বে এলাকায় নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করছেন স্থানীয় সাধারণ ভোটাররা।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে নুরুল ইসলাম বুলবুল পেয়েছেন ১ লাখ ৮৫ হাজার ১৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা হারুনুর রশিদ পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ১৮ ভোট। ভোটের ব্যবধান প্রায় ৫৯ হাজার ১৪৮ ভোট। তার এই বিশাল বিজয়ের পর থেকেই পুরো নির্বাচনী এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: