[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬, ১১ই ফাল্গুন ১৪৩২
thecitybank.com

সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগে প্রতিবাদ জামায়াতের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ২২:২১

প্রতিকী ছবি

ছয় সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক নিয়োগের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বলেন, গত ২২ ফেব্রুয়ারি সরকারের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও গাজীপুর সিটি কর্পোরেশন-এ দলীয় ব্যক্তিদের সরকার কর্তৃক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।

তিনি বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা, গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কারগুলো এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। স্বাভাবিকভাবেই পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের প্রত্যাশা ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকারে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে ছয়টি সিটি কর্পোরেশনে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল। এতে জনমনে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে যে, সরকারের এ পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং একইসঙ্গে আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ।

গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক সরকারের এহেন পদক্ষেপ গ্রহণের আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং দলীয় ব্যক্তিদের নিয়োগ বাতিলপূর্বক অনতিবিলম্বে সিটি কর্পোরেশনসহ সব স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানাচ্ছি।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর