[email protected] ঢাকা | সোমবার, ১০ই আগস্ট ২০২৬, ২৫শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চৌগাছায় গুদামজাত ৬ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৮ মার্চ ২০২৬, ১৯:৫৩

ছবি: সংগ্রহীত

যশোরের চৌগাছায় ৫ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ মার্চ) বিকেল ৩টার দিকে যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার অপরাধে চৌগাছার ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারের ব্যবসায়ী নিজাম উদ্দিনের কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পরে একই বাজারের রুহুল আমিন নামে অপর ব্যবসায়ীকে ওজন ও পরিমাপ আইনে ১৫ হাজার টাকা জরিমানা করে আদায় করে আদালত।

এদিকে বিকেল ৪টার দিকে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সলুয়া বাজারে ব্যবসায়ী নিজাম উদ্দিন বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করেছেন। বিষয়টি পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানায়। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দকে ঘটনাস্থলে পাঠান। পরে সেখানে আদালত পরিচালনা করে নিজাম উদ্দিন নামে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন এবং ২৮ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করেন।

চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, জব্দকৃত তেল মিনা ফিলিং স্টেশন ও আর এস ফিলিং স্টেশনে বিক্রির জন্য রাখা হয়েছে। সেখানে ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে ওই টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর