প্রকাশিত:
৮ এপ্রিল ২০২৬, ২১:২২
নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হাত হারানো রাজমিস্ত্রি মো. সাব্বির হোসেনকে চিকিৎসা সহায়তার জন্য নগদ ৪০ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে। বুধবার (০৮ এপ্রিল) বিকাল ৪টায় নাচোল উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এই অর্থ প্রদান করা হয়।
দুর্ঘটনার শিকার মো. সাব্বির হোসেন নাচোল উপজেলার পুকুরিয়াচন্ডির মো. সেলিম উদ্দিনের ছেলে। উল্লেখ্য যে, গত দুই মাস আগে রাজমিস্ত্রীর কাজ করার সময় রড কাটা মেশিনে কাজ করতে গিয়ে সাব্বির হোসেনের একটি হাত বিচ্ছিন্ন হয়ে যায়। তার এই বিপর্যয়ের মুহূর্তে পাশে দাঁড়িয়েছে উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল পৌর আমীর ও উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মো. মুনিরুল ইসলাম। চেক প্রদান অনুষ্ঠানে তিনি সাব্বির হোসেনের চিকিৎসার খোঁজখবর নেন এবং সংগঠনের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।
উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মাহিদুর রহমানের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মো. মনিমুল হক। এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অসহায় শ্রমিকদের বিপদে পাশে থাকা তাদের দায়িত্বের অংশ। ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: