প্রকাশিত:
২০ মে ২০২৬, ১৫:৪৮
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) সংসদীয় আসনের অসহায়, দুস্থ ও বেকার নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১,০০০ (এক হাজার)টি সেলাই মেশিন বরাদ্দের জন্য আবেদন জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর লিখিত এক আধা-সরকারি পত্রে (ডি.ও. নং উল্লেখ্য) তিনি এই বিশেষ অনুরোধ জানান। সম্প্রতি গত সোমবার (১৮ মে) স্বাক্ষরিত এই আবেদনপত্রটি মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় গ্রহণ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সচিবকে (Sec, MOWCA) নির্দেশনা প্রদান করেছেন।
সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম তাঁর চিঠিতে উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সংসদীয় আসনটি মোট ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। এই বিশাল এলাকার একটি বড় অংশ জুড়ে রয়েছে অসহায় ও কর্মহীন নারী গোষ্ঠী। তাদের স্বাবলম্বী করে তুলতে এবং গ্রামীণ অর্থনীতিতে যুক্ত করতে বিভিন্ন কর্মমুখী কার্যক্রম পরিচালনা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
চিঠিতে আরও জানানো হয়, উক্ত এলাকার অনেক নারী ইতিমধ্যে সরকারি-বেসরকারি উদ্যোগে সেলাইয়ের ওপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তবে প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য ও সেলাই মেশিনের অভাবে তারা কাজ শুরু করতে পারছেন না, ফলে বাধাগ্রস্ত হচ্ছে তাদের কর্মসংস্থান। এই পরিস্থিতিতে ১,০০০টি সেলাই মেশিন বরাদ্দ পাওয়া গেলে এলাকার প্রশিক্ষিত ও দরিদ্র নারীদের জীবন-জীবিকার পথ সুগম হবে এবং তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবেন।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ দ্রুত অনুমোদিত হলে চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও নারী ক্ষমতায়নে এটি অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: