প্রকাশিত:
২৫ জুন ২০২৬, ২১:০৮
রংপুরের মিঠাপুকুরে মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা করেছে জামায়াতে ইসলামী। সভা থেকে একটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ঘোষণা করা হয়। এ-সংক্রান্ত ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২৩ জুন) মাগরিবের নামাজের পর উপজেলার ইমাদপুর ইউনিয়নের চকপাড়া জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, নামাজের পর মসজিদের ভেতরে চেয়ার-টেবিল বসিয়ে দলীয় সভা শুরু করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সভা থেকে মনোহর বাদশা নামের একজনকে ইমাদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করেন উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল।
মিঠাপুকুরের হুলাশুগঞ্জ জামিয়া কুরআনিয়া দারুল উলুম মাদরাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান কাসেমী বলেন, ‘আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রোগ্রামে সাধারণত অন্য দলের সমালোচনা করা হয়ে থাকে, যা গিবতের পর্যায়ে পড়ে। মসজিদের ভেতরে তো গিবত করার সুযোগ নেই।’
এ বিষয়ে মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির আসাদুজ্জামান শিমুল বলেন, ‘আমরা মসজিদভিত্তিক প্রোগ্রামগুলো করি, তবে এভাবে করি না। মসজিদটা গ্রামের মধ্যে একদম বাড়ির সঙ্গে। সেসময় কোনো লোকজন ছিল না। এজন্য ব্যবহার করেছি। ইসলামের দৃষ্টিতে মসজিদ হচ্ছে সংসদ। তবে এটাকে মানুষ ভালোভাবে নেয় না।’
তিনি আরও বলেন, ‘এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে তা আমিও দেখেছি। সামাজিক দৃষ্টিকোণ থেকে মানুষ এটাকে ভালোভাবে নেয় না। সামনের দিকে আমরা বিষয়টা খেয়াল রাখবো।’
সূত্র: জাগো নিউজ/ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: