[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

জানুয়ারি-ডিসেম্বরে অর্থবছর নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ জুন ২০২৬, ১৬:৪০

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি/সংগ্রহীত

জাতীয় সংসদে দেশের বর্তমান অর্থবছর (জুলাই-জুন) পরিবর্তন করে ‘জানুয়ারি-ডিসেম্বর’ ভিত্তিক অর্থবছর চালুর প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উত্থাপন করেন।

ডা. শফিকুর রহমান বলেন, জুলাই-জুন অর্থবছর হওয়ার কারণে বছরের শেষের দিকে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাড়াহুড়ো করে কাজ করা হয়। এর ফলে প্রথম ১০ মাসে যেখানে মাত্র ৪২ শতাংশ কাজ হয়, সেখানে শেষ সময়ে বাকি কাজ করতে গিয়ে অপচয় ও লুটপাটের দুয়ার উন্মুক্ত হয়।

এই সংকট নিরসনে তিনি বাংলাদেশের অর্থবছরকে জুলাই-জুনের পরিবর্তে ক্যালেন্ডার ইয়ার বা জানুয়ারি-ডিসেম্বর মেয়াদে নির্ধারণ করার জোরালো প্রস্তাব পুনর্ব্যক্ত করেন, যা দেশের ক্ষতি কমাবে এবং কাজের গতি বাড়াবে।

বিরোধীদলীয় এ নেতা মনে করিয়ে দেন যে, বাজেট সংসদে প্রণীত হলেও তা বাস্তবায়নের মূল দায়িত্ব অর্পিত থাকে রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও কর্মকর্তাদের ওপর, তাই তাদের মাধ্যমে জনগণের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা জরুরি।

তিনি সরকারের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

বর্তমানে বাংলাদেশে অর্থবছর চলে প্রতি বছরের ১ জুলাই থেকে পরবর্তী বছরের ৩০ জুন পর্যন্ত।

ডা. শফিকুর রহমানের প্রস্তাব অনুযায়ী, এটি পরিবর্তন করে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর