প্রকাশিত:
৪ জুলাই ২০২৬, ১৬:৫৩
বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল মুক্ত করার দাবির আড়ালে মহানগরে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কুৎসিত স্লোগান ও হত্যার হুমকির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে চাঁপাইনবাবগঞ্জ।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যৌথ উদ্যোগে আজ জেলা শহরে এক বিশাল প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা গত বৃহস্পতিবার নামসর্বস্ব ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচির নামে মহাসড়ক প্রায় ৬ ঘণ্টা অবরোধ করে রাখার তীব্র নিন্দা জানান। বক্তারা বলেন, সাধারণ জনগণের দুর্ভোগ সৃষ্টি করে কোনো দাবি আদায় হতে পারে না। রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যে একটি কুচক্রী মহল সাধারণ মানুষকে জিম্মি করে এই জনভোগান্তি সৃষ্টি করেছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
সমাবেশে নেতৃবৃন্দ অত্যন্ত ক্ষোভের সাথে উল্লেখ করেন, উক্ত কর্মসূচিতে দেশের স্থপতি ও জনগণের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন স্লোগান দেওয়া হয়েছে এবং তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এটি গণতান্ত্রিক রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং একটি চরম ঔদ্ধত্যপূর্ণ কর্মকাণ্ড। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে এই রাষ্ট্রবিরোধী এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে, অন্যথায় চাঁপাইনবাবগঞ্জের মাটি থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
সমাবেশে তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি মিম ফজলে আজিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলী রুমন, জেলা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া শাওন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জামিউল হক সোহেল, জেলা অটো সিএনজি বাইক সমিতির সাধারণ সম্পাদক সাইনুল ইসলামসহ অন্যরা।
সমাবেশে বক্তারা স্ব-স্ব ইউনিটের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ধরনের অপশক্তি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল রাজপথে সর্বদা প্রস্তুত রয়েছে। জনস্বার্থ বিঘ্নিতকারী এবং দেশের শীর্ষ নেতৃত্বের সম্মানহানি করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।
আ.স/আ.আ
মন্তব্য করুন: