প্রকাশিত:
২৪ জুলাই ২০২৬, ২১:০৩
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শহর শাখার উদ্যোগে 'অদম্য জুলাই' শীর্ষক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঘোষিত লক্ষ্য বাস্তবায়ন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানান।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টায় নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিমোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিবের সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শহর শাখার সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের মানুষের ন্যায়বিচার, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক অধ্যায়। তিনি গণভোটের রায় কার্যকর, জুলাই সনদের বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। একই সঙ্গে তিনি পদত্যাগকারী রাষ্ট্রপতিকেও বিচারের আওতায় আনার দাবি জানান।
সভাপতির বক্তব্যে ইউসুফ আল গালিব বলেন, জুলাই নতুন প্রজন্মের জন্য সাহস, আত্মত্যাগ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তিনি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি শহীদদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের জন্য গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: