প্রকাশিত:
২৩ সেপ্টেম্বার ২০২৬, ২১:২৮
গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত জাতীয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে চীনা দূতাবাস আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি পর্যায়ের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে চীনের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তিনি বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের হাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উদ্দেশ্যে লেখা একটি চিঠি তুলে দেন।
চিঠিতে চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে চীনের প্রেসিডেন্ট, সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় ডা. শফিকুর রহমান অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন দেশের কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম, রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, মোয়াজ্জেম হোসেন হেলাল ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: