[email protected] ঢাকা | সোমবার, ৫ই অক্টোবর ২০২৬, ১৯শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

আখতারুজ্জামানকে মুক্তি না দিলে রেমিট্যান্সে প্রভাবের আশঙ্কা জামায়াতের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ২১:০৪

ছবি: সংগ্রহীত

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেফতারের ঘটনায় প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে দাবি করেছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, আখতারুজ্জামানকে মুক্তি না দিলে প্রবাসীদের কেউ কেউ আবার রেমিট্যান্স বন্ধের কথা বলছেন। এতে রেমিট্যান্স প্রবাহে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের বিভিন্ন বক্তব্য তিনি দেখেছেন। সেখানে আখতারুজ্জামানের মুক্তির দাবি এবং তাকে গ্রেফতারের প্রতিবাদে রেমিট্যান্স বন্ধের কথা বলা হচ্ছে বলে দাবি করেন তিনি।

‘সরকারের কোনো বিষয়ে বিরূপ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়’ মন্তব্য করে তিনি বলেন, বিষয়টি রাজনৈতিকভাবে না দেখে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
আখতারুজ্জামানের গ্রেফতারকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ হিসেবে উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, বিমানবন্দরে লাগেজ পেতে দীর্ঘ সময় অপেক্ষা ও ট্রলি সংকট নিয়ে ক্ষোভ প্রকাশের ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তিনি কাউকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন—এমন অভিযোগও তিনি নাকচ করেন।

বিমানবন্দরের অব্যবস্থাপনা তদন্তে কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান মিয়া গোলাম পরওয়ার।

গ্রেফতারের সময় আখতারুজ্জামানকে হ্যান্ডকাফ, হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরানোরও সমালোচনা করেন তিনি। তার দাবি, একজন বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও সিনিয়র নাগরিকের সঙ্গে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।

আখতারুজ্জামানের অবিলম্বে জামিন ও কারাগারে ডিভিশন দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তার গ্রেফতার ও মামলার পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর