[email protected] ঢাকা | বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬, ২৮শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

গোদাগাড়ীতে ইউএনও কার্যালয়ে তালার ঘটনায় প্রশাসনের মামলা, দোষীদের শাস্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৩ অক্টোবার ২০২৬, ১৬:৫৩

ছবি: সংগ্রহীত

রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও অনিয়মের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে তালা দেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছে উপজেলা প্রশাসন। অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ-সংগঠনগুলো।

জানা গেছে, ইউএনও কার্যালয়ে তালা ঝুলিয়ে সরকারি কাজে বাধা ও জনভোগান্তি সৃষ্টির অভিযোগে গতকাল সোমবার রাতে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গোদাগাড়ী উপজেলার উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোক্তার হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে এই মামলা করেন।

এদিকে, ইউএনও অফিসে তালা দেওয়ার ঘটনার প্রতিবাদে এবং দেশকে অস্থিতিশীল করার ঘৃণ্য ষড়যন্ত্রে জড়িত জামায়াত, এনসিপি ও পলাতক ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আজ মঙ্গলবার বেলা ১২টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গোদাগাড়ী উপজেলা, বিভিন্ন পৌরসভা বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও সাধারণ জনগণ।
গোদাগাড়ী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে ইউএনও কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বিএনপি নেতারা ‘মব কালচার’-এর বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেন। তাঁরা সরকারের যেকোনো উন্নয়নের অংশীদার হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। প্রশাসনের কাজে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়ে তাঁরা গতকাল ইউএনও কার্যালয়ে তালা দেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন—কাঁকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল সরকার, সাধারণ সম্পাদক হাবিবুর, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব, সহ-সভাপতি মোস্তফা ও নাসির উদ্দিন বাবু, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম, জেলা যুবদলের সদস্য ডালিম, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ ও সদস্য সচিব বাবু, কাঁকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশি ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরসালান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বিদ্যুৎ ও সদস্য সচিব কাওসার, পৌর ছাত্রদলের মোবিনসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সার ডিলার নিয়োগে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তুলে গতকাল সোমবার দুপুরে ইউএনও ইসরাত জাহানের অপসারণ দাবিতে কার্যালয় ঘেরাও করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। আন্দোলনকারীরা উপজেলা প্রশাসনিক ভবনের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন এবং একপর্যায়ে ফটকে তালা দিয়ে অবস্থান নেন। দুই ঘণ্টা তালাবদ্ধ থাকায় প্রশাসনিক ভবনের সব কার্যক্রম বন্ধ থাকে। এতে চরম ভোগান্তিতে পড়েন সেবা নিতে আসা সাধারণ মানুষ। মূলত এই ঘটনার প্রেক্ষিতেই মামলা দায়ের ও আজকের প্রতিবাদ সমাবেশের ঘটনা ঘটে।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর