[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৯শে অক্টোবর ২০২৬, ১৩ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

পল্টন ট্র্যাজেডির বিচারের দাবীতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৬, ২০:৩২

ছবি: সংগ্রহীত

২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে সংঘটিত সহিংসতার সুষ্ঠু তদন্ত ও ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী।

বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় নগরীর আলুপট্টি মোড় থেকে শুরু হওয়া মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রদক্ষিণ করে গণকপাড়া মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশ থেকে নেতৃবৃন্দ ন্যায়বিচার, আইনের শাসন ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানান এবং ২৮ অক্টোবরের ঘটনার বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের প্রতি দাবি জানান।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিমের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

বিশেষ অতিথি ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন ও সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দীন সরকারের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, যুব সেক্রেটারি সালাউদ্দীন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং রাজনৈতিক সহিংসতার অবসান ঘটানো জরুরি। অতীতের কোনো সহিংস ঘটনা যেন বিচারহীনতার কারণে আড়ালে থেকে না যায়, সে জন্য নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব বিবেচনা না করে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করার দাবি জানান তাঁরা।

নেতৃবৃন্দ আরও বলেন, দেশে গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক সহনশীলতা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিতে হবে। এ সময় তাঁরা ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত ঘটনার বিচারপ্রক্রিয়া এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুস সামাদ, মহানগর ছাত্রশিবিরের সভাপতি ইমরান নাজির, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুজাহিদ ফয়সালসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর