প্রকাশিত:
৩১ অক্টোবার ২০২৬, ১৫:৫১
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে কুষ্টিয়াগামী ১১ দলীয় ঐক্যের লংমার্চ খুলনা শহরে পৌঁছানোর আগেই নগরীর বিভিন্ন সড়ক ও পথসভাস্থলে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। লংমার্চকে কেন্দ্র করে খুলনার রাজপথে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন বিভিন্ন বয়স ও পেশার মানুষ। দীর্ঘ গাড়িবহর এবং মানুষের উপস্থিতিতে নগরীর বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ১১ দলীয় ঐক্য এ লংমার্চের আয়োজন করেছে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া লংমার্চের গাড়িবহর পদ্মা সেতু, ভাঙ্গা, গোপালগঞ্জ ও বাগেরহাটের কাটাখালী হয়ে খুলনায় প্রবেশ করে।
খুলনা মহানগরীর শিববাড়ী মোড়ের বাবরী চত্বরে নির্ধারিত পথসভাস্থলে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পেশাজীবী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সমবেত হতে থাকেন। একপর্যায়ে পুরো এলাকা জনাকীর্ণ হয়ে ওঠে। স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের সড়ক। অংশগ্রহণকারীদের হাতে ছিল বিভিন্ন ফেস্টুন, ব্যানার ও জাতীয় পতাকা।
লংমার্চে প্রধান অতিথি হিসেবে রয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ছাড়া ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারাও কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন।
পথসভায় বক্তারা বলেন, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এ লংমার্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা সরকারের প্রতি অবিলম্বে সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুলনা অঞ্চলে লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কর্মসূচি সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য ১৭টি উপকমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সহস্রাধিক স্বেচ্ছাসেবক মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি কমানো এবং শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকেরা কাজ করছেন।
বাবরী চত্বরের পথসভা শেষে ফুলতলা বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে আরেকটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখান থেকে লংমার্চটি যশোর ও ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ার উদ্দেশে যাত্রা করবে। কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
পথসভায় অংশগ্রহণকারীদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে খুলনা ও আশপাশের অঞ্চলে লংমার্চ ঘিরে মানুষের উপস্থিতি তাৎপর্যপূর্ণ। তাঁদের ভাষ্য, এ কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ বার্তা দেবে।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: