[email protected] ঢাকা | সোমবার, ৯ই নভেম্বর ২০২৬, ২৪শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

রাজশাহীতে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৬, ২০:৩৫

ছবি: সংগ্রহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীর পুঠিয়ায় র‍্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। রবিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার বানেশ্বর কাচারি মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে বানেশ্বর কাচারি মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । পরে সেখানে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের একই স্থানে এসে শেষ হয়।

বিএনপি নেতা ও ইউপি সদস্য আলমগীর হোসেন আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পুঠিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শ্রমিকদলের সভাপতি রোকনুজ্জামান আলম, পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আমিনুল ইসলাম মিন্টু, জেলা যুবদলের সাবেক সহসভাপতি ও পুঠিয়া উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সানোয়ার হোসেন যাদু, দুর্গাপুর পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম রঞ্জু এবং দুর্গাপুর বিএনপির সদস্য গোলাম মোর্শেদ শিবলীসহ স্থানীয় নেতারা।

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা উল্লেখ করে বলেন, ওই সময় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সাধারণ মানুষের ঐক্য প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন দূর করা, বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় তাঁর উদ্যোগের কথাও তুলে ধরেন বক্তারা। পাশাপাশি কর্নেল তাহের ও বিপ্লবী সৈনিক সংস্থার ভূমিকা নিয়েও আলোচনা হয়।

সভায় পুঠিয়া-দুর্গাপুর আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের সমালোচনা করেন বিএনপি নেতারা। তাঁদের অভিযোগ, তিনি বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছেন এবং স্বজনপ্রীতিতে জড়িত। এ ধরনের কর্মকাণ্ড থেকে সরে এসে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।

কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর