প্রকাশিত:
১৫ নভেম্বার ২০২৬, ১৭:১৩
চাঁপাইনবাবগঞ্জ জেলার বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ, মেসার্স আহমদ স্টোর-এর স্বত্বাধিকারী কৃষিবিদ কামরুল আরেফিন বুলু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার (১৫ নভেম্বর) নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ধারণা, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
উল্লেখ্য, প্রয়াত কৃষিবিদ কামরুল আরেফিন বুলু জীবদ্দশায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁপাইনবাবগঞ্জ ইউনিটের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
তাঁর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ জেলার রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: