[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯শে নভেম্বর ২০২৬, ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের জায়গা হয়ে গেছে : শফিকুর রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৮ নভেম্বার ২০২৬, ২০:৪৩

ছবি: সংগ্রহীত

দেশের শিক্ষাব্যবস্থায় শৃঙ্খলা ও কার্যকর ব্যবস্থাপনা নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনেক ক্ষেত্রে নিয়মিত ক্লাস হয় না। শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে শিক্ষকদের বাসায়। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ও সুবিধা দেওয়ার জায়গায় পরিণত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা বলি আমাদের শিক্ষা ব্যবস্থা জাতির মেরুদণ্ড। এই শিক্ষা নিয়েও আমরা বিভিন্ন সমস্যায় রয়েছি। একেবারে প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে কোনো শৃঙ্খলা এবং কোনো সিস্টেম ফাংশন করছে না।

নিজের শিক্ষাজীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, তার একজন শিক্ষক তাকে শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ববোধ থেকে ব্যক্তিগতভাবে পড়ানোর পরিবর্তে নিয়মিত ক্লাসে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়েছিলেন। শিক্ষার্থীর অন্য বিষয়গুলোর ক্ষতি হোক, তা তিনি চাননি। শিক্ষকের সেই দায়িত্ববোধের সঙ্গে বর্তমান সময়ের অনেক শিক্ষকের আচরণের তুলনা করেন তিনি।

বিরোধীদলীয় নেতা বলেন, অনেক শিক্ষক লিখিত কিছু স্ক্রিপ্ট শিক্ষার্থীদের হাতে তুলে দেন এবং সেগুলো অন্য কাউকে না দেওয়ার শর্ত দেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস না হয়ে শিক্ষকদের বাসায় ক্লাস হচ্ছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিগুলোতে যোগ্য ও শিক্ষার প্রতি দায়িত্বশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হবে।

নিজ নির্বাচনি এলাকার মণিপুর উচ্চবিদ্যালয়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, একসময় প্রতিষ্ঠানটি দেশের অন্যতম সেরা বিদ্যালয় ছিল। পাঁচবার সারা দেশের মধ্যে প্রথম হয়েছিল। কিন্তু ফ্যাসিবাদী আমলে প্রতিষ্ঠানটির মান নষ্ট হয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এখনও একই ধারা অব্যাহত রয়েছে।

তিনি জানান, এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে একসঙ্গে উদ্যোগ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে এমন মানুষদের বসাতে চেয়েছিলেন, যারা শিক্ষার্থীদের মানুষ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন এবং প্রতিষ্ঠানের মানের বিষয়ে আপস করবেন না। কিন্তু সফল হননি।

ডা. শফিকুর রহমান বলেন, আমি দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, আমি ব্যর্থ হয়েছি। এখন আমি বিরোধীদলীয় নেতা। আমার আসনের যদি এই চিত্র হয়, তাহলে বাকিগুলোর আর কী অবস্থা?

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পাশাপাশি এর সুফল নিশ্চিত করার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনায় যোগ্য ব্যক্তিদের দায়িত্ব দিতে হবে। স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা—সব জায়গায় একই ধরনের সমস্যা রয়েছে। এমনকি মসজিদের পরিচালনা কমিটি নিয়েও রাজনৈতিক টানাপড়েনের কথা শোনা যাচ্ছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে যোগ্যতার ভিত্তিতে পরিচালনা করতে হবে। উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত জায়গায় দায়িত্ব দিতে পারলেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব।

ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখার আহ্বান

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী ঐক্য ধরে রাখতে সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, দুটি নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সংসদ প্রতিষ্ঠিত হয়েছে। এর একটি বাস্তবায়িত হলেও আরেকটি এখনো হয়নি। ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় এবং রাজনৈতিক ঐক্যে দুর্বলতা তৈরি হওয়াকে তিনি বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা তো সবাই ইলেকশনের আগ পর্যন্ত একই কাতারে ছিলাম। একই লাইনে ছিলাম। একই দর্শনে ছিলাম। বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, দেশের বৃহত্তর স্বার্থে জায়গাটা ফিরে আসুন।

ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, ক্ষমতার পরিবর্তন একটি স্বাভাবিক বিষয়। তাই সংস্কার বা সংশোধনের উদ্যোগ ব্যক্তিগত কিংবা দলীয় সুবিধার জন্য নয়, জাতির স্বার্থে নিতে হবে।

তিনি বলেন, শহীদদের আমানত, যোদ্ধাদের প্রত্যাশা, শহীদ পরিবারের আকাঙ্ক্ষা, গণভোটের গণরায় ও জুলাই সনদের আলোকে যত দ্রুত সম্ভব ঐক্য ফিরিয়ে আনতে হবে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদ বিরোধী ঐক্য শক্তিশালী হলে নাশকতা, অগ্নিসংযোগ ও সহিংসতা মোকাবিলা করা সম্ভব হবে।

আধিপত্যবাদের প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ আবার আধিপত্যের কালো ছায়া অনুভব করছে। সরকারকে দৃঢ়ভাবে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসুক—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, আমরা বন্ধু চাই, আন্তরিক বন্ধু চাই। আমরা আমাদের উন্নয়ন সহযোগী চাই আন্তরিকভাবেই চাই। কিন্তু তাদের মর্যাদা এবং আমাদের মর্যাদা সমানতালে চলবে।

বক্তব্যে পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্ব দেন বিরোধীদলীয় নেতা।

ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি শাস্তি পাবে

দেশে বিচারপ্রক্রিয়ায় কারও প্রতি অবিচার না করে সবার জন্য সমান আচরণ নিশ্চিত করার আহ্বান জানান ডা. শফিকুর রহমান। 

তিনি বলেন, বিচার নিয়ে সংসদ সদস্যদের বক্তব্যে বিভিন্ন আক্ষেপ উঠে এসেছে। একজন সংসদ সদস্য তার স্বামীর হত্যাকাণ্ডের বিচার ও বিচারপ্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। এ বিষয়ে কিছু পদক্ষেপ নেওয়া হলেও বিচারপ্রক্রিয়ায় সমান আচরণ নিশ্চিত করা জরুরি।

বিরোধীদলীয় নেতা বলেন, অতীতে আমাদের সঙ্গে চরম অবিচার করা হয়েছে। কিন্তু একটা মানুষের সঙ্গেও সামান্য অবিচার করা হোক, এটা আমরা চাই না। আমরা চাই ন্যায়বিচার নিশ্চিত হোক। ন্যায়বিচার নিশ্চিত হলে সব খুনি তাদের ন্যায্য পাওনা শতভাগ পেয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ এখান থেকে বঞ্চিত হবে না।

তিনি বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান—এই নীতি বাস্তবে কার্যকর হতে হবে। যাদের বিচারের আওতায় আনা হয়েছে, হচ্ছে বা হবে, তাদের সবার ক্ষেত্রে একই নীতি অনুসরণ করতে হবে। জনগণকে বিচারপ্রক্রিয়ায় সমান আচরণের বিষয়টি দেখতে হবে।

বিরোধীদলীয় নেতা বলেন, এখন চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের মধ্যে ঠেলাঠেলি চলছে। চাঁদাবাজির সঙ্গে জড়িত যে-ই হোক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এমনকি তিনি নিজে চাঁদাবাজি করলেও যেন তাকেও যেন ছাড় দেওয়া না হয়। তিনি বলেন, আমি চাঁদাবাজি করলেও আমাকেও হাতকড়া পরান।

দেশে চাঁদাবাজি ও দুর্নীতির কারণে মানুষ অতিষ্ঠ উল্লেখ করে জামায়াত আমির বলেন, মাদক, কিশোর গ্যাং—এগুলো তো রয়েছেই। সেইসঙ্গে দুর্নীতি এবং চাঁদাবাজি সর্বত্র ছড়িয়ে পড়েছে। দৃশ্যমান কোনো উন্নতি আমরা দেখতে পাচ্ছি না। দ্রব্যের মূল্য দ্বিগুণ, তিন গুণ, আড়াই গুণ কেন হয়? এই চাঁদাবাজির কারণে হয়।

তিনি বলেন, সরকারকে এ ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিতে হবে। মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। সরকার ভালো কাজ করলে আমরা সহযোগিতা করবো। কোথাও ভুল হলে ধরিয়ে দেবো। আমাদের সমালোচনাও সরকারকে গ্রহণ করতে হবে।

 

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর