[email protected] ঢাকা | রবিবার, ২২শে নভেম্বর ২০২৬, ৭ই অগ্রহায়ণ ১৪৩৩
thecitybank.com

সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ নভেম্বার ২০২৬, ২১:১৭

ছবি: সংগ্রহীত

সশস্ত্র বাহিনী দিবসকে জাতীয় জীবনের একটি ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল দিন হিসেবে উল্লেখ করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা এবং দেশকে সুরক্ষিত রাখার দৃঢ় প্রত্যয় জাতি হিসেবে আমাদের গর্বিত করে।

শনিবার (২১ নভেম্বর) চট্টগ্রাম নগরের পতেঙ্গায় বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন মন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সশস্ত্র বাহিনী দিবস দেশের প্রতিরক্ষা সক্ষমতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার এবং আত্মবিশ্বাস প্রকাশের গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। এ দিনটি দেশের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সবার নিজ নিজ দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। এ ধরনের আয়োজন সবার মধ্যে দেশপ্রেম, মনোবল ও দেশের প্রতি দায়িত্ববোধ আরও জাগ্রত করে।

মন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা জাতিসংঘসহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন। ভবিষ্যতেও তারা এসব কর্মকাণ্ড অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

১৯৭১ সালের ২১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এদিন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সমন্বিত অভিযান শুরু করে। সশস্ত্র বাহিনীর এই সম্মিলিত প্রতিরোধ ও অভিযান মুক্তিযুদ্ধকে আরও বেগবান করে এবং চূড়ান্ত বিজয়ের পথ সুগম করে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর অর্জিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদান ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, জেলার বিভিন্ন সংসদীয় এলাকার সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, শহীদ পরিবারের সদস্য, ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারসহ সামরিক ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর