প্রকাশিত:
২৪ জুলাই ২০২৬, ২২:৪৬
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত এ ধর্মীয় শোভাযাত্রায় বিভিন্ন বয়সের হাজারো ভক্ত অংশ নেন। ভক্তিগীতি, পূজা-অর্চনা ও রথ টানার মধ্য দিয়ে তারা ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করেন।
উল্টো রথযাত্রার শোভাযাত্রা বুড়ীতলা ঘাট থেকে শুরু হয়ে তেতুলমোড়, খোয়াড়মোড় ও বড়বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহন্ত মহারাজ ক্ষীতিস চন্দ্র আচারীর প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ভক্তরা দেশ, জাতি এবং সকলের শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করে প্রার্থনা করেন। অনুষ্ঠানকে ঘিরে গোটা এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।
আয়োজকরা জানান, রথযাত্রার নয় দিন পর অনুষ্ঠিত উল্টো রথযাত্রার মাধ্যমে এ বছরের রথ উৎসবের আনুষ্ঠানিক প্রসাদ বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে। প্রায় ৪০ বছর ধরে গোমস্তাপুরে এ ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে আসছে। এবারের উল্টো রথযাত্রায় প্রায় ১০ হাজার মানুষের সমাগম ঘটে।
অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
শাহীন আলম/আ.আ
মন্তব্য করুন: