প্রকাশিত:
৩ সেপ্টেম্বার ২০২৬, ০০:০০
চাঁপাইনবাবগঞ্জে জমজমাট আয়োজনে চলমান ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর স্থগিত ম্যাচে শিবগঞ্জ উপজেলা ও গোমস্তাপুর উপজেলা ১-১ গোলে ড্র করেছে।
বুধবার (০২ সেপ্টেম্বর ) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে (নতুন) অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। মাঠে একের পর এক আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচটি হয়ে ওঠে উত্তেজনাপূর্ণ।
শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় ১-১ গোলে ম্যাচটি ড্র হয়। ম্যাচে শিবগঞ্জ উপজেলা দলের ৯ নম্বর জার্সিধারী আহাদ একটি গোল করেন। অপরদিকে গোমস্তাপুর উপজেলা দলের ৭ নম্বর জার্সিধারী শ্রী প্রলয় একটি গোল করে দলকে সমতায় ফেরান। গোমস্তাপুর উপজেলা দলের ৭ নম্বর জার্সিধারী শ্রী প্রলয় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। খেলা উপভোগ করতে জেলা স্টেডিয়ামের গ্যালারিতে বিপুলসংখ্যক দর্শক ও ফুটবলপ্রেমীর উপস্থিতি দেখা যায়।
দীর্ঘদিন পর জেলায় বড় পরিসরে ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে ঘিরে তরুণ ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
স্থগিত ম্যাচে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জ জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা আবু জাফর মাহমুদুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো. মশিউর রহমান মিঠু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারি সদস্য মো. তৌফিকুল ইসলাম তোফা, রাকিবসহ সংশ্লিষ্টরা।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা, চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হচ্ছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। আয়োজকরা জানান, জেলার ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ ও সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।
তারা আরও জানান, খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি যুবসমাজকে মাদকমুক্ত ও সুস্থ রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তাদের মাঠমুখী করার উদ্যোগ অব্যাহত থাকবে।
আয়োজকদের প্রত্যাশা, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং এরফান গ্রুপের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ টুর্নামেন্ট চাঁপাইনবাবগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: