[email protected] ঢাকা | শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬, ১৬ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারলো বাংলাদেশ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১ অক্টোবার ২০২৬, ২২:২৬

ছবি: সংগ্রহীত

লজ্জার ষোলোকলা পূর্ণ করলো বাংলাদেশ। ফিফা আসিয়ান কাপে প্রথম দুই ম্যাচ হেরে বিদায় হয়ে গেছে আগেই। শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে ৯-২ গোলের বিশাল ব্যবধানে হারলেন হামজা চৌধুরীরা। বাংলাদেশের গোল দুটি করেছেন শাহরিয়ার ইমন ও ফারহান আলি ওয়াহিদ।

১১ মিনিটেই ম্যাচে লিড নেয় স্বাগতিক ইন্দোনেশিয়া। ডান দিক দিয়ে ওলে রোমেনি বাংলাদেশের শুকি ইতোফুসাকে কাটিয়ে বক্সে বল ফেলেন। মিচেল বাকের দ্রুতই সেই বলে পা চালান। তারিক কাজী আর সাদ উদ্দিনের পাশ দিয়েই বল ফাঁকি দেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণকে।

২০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্দোনেশিয়া। ওলে রোমেনি এবার বাংলাদেশ রক্ষণ ভাঙেন বাম দিক দিয়ে। সাদ উদ্দিনকে কেন সুযোগ না দিয়ে তিনি শট নেন পোস্টে। মেহেদী হাসান শ্রাবণ ঠেকিয়ে দিয়েছিলেন বটে। তবে শেষ রক্ষা হয়নি।

ফিরতি বল চলে যায় বক্সের বাইরে থাকা রাগনারের কাছে। তিনি যে শট নেন গোলমুখে, সেখানে খুব কাছাকাছি ছিলেন বাংলাদেশের গোলরক্ষক শ্রাবণ, ডিফেন্ডার তারিক কাজী ও ইন্দোনেশিয়ার মিচেল বাকের। মিচেল এবারো ভুল করেননি। পায়ের টোকায় কাঁপান বাংলাদেশের জাল।

৩২ মিনিটে ইন্দোনেশিয়া ব্যবধান ৩-০ করে রিজকি রিধোর গোলে। আবার সেই রোমেনি। কখনো ডান দিক দিয়ে কখনো বাম দিক দিয়ে বাংলাদেশের রক্ষণ তছনছ করা রোমেনি এবার ডান দিক দিয়ে ঢুকে ক্রস ফেলেন বক্সে। তারিক কাজী ও শুকি ইতোফুসা ছিলেন রিধোর এক গজের মধ্যে। কেউ বাধা দিতে পারেননি। বক্সের কোনা থেকে ডান পায়ে গড়ানো শটে গোল করেন রিধো।

৩৬ মিনিটে শুকির ক্রসে শাহরিয়ার ইমনের হেডে বাংলাদেশ ব্যবধান ৩-১ করেছিল। তবে পরের মিনিটেই মিচেল বাকের পূর্ণ করেন হ্যাটট্রিক। রোমেনি ডান দিক দিয়ে ঢুকে ক্রসে করলে মিচেল ইন্দোনেশিয়াকে এগিয়ে দেন ৪-১ গোলে।

৪৩ মিনিটে মিচেল নিজের চতুর্থ গোল করলে ইন্দোনেশিয়া লিড নেয় ৫-১ এ। বক্সের বাইরে থেকে জাস্টিস হাবনারের ক্রসে গোল করেন মিচেল। বাংলাদেশ ষষ্ঠ গোল হজম করে প্রথমার্ধের ইনজুরি সময়ে। কালভিনের কর্নার থেকে হেডে গোল করেন জাস্টিন হাবনার। প্রথমার্ধেই ৬-১ গোলে এগিয়ে যায় ইন্দোনেশিয়া।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। ৯০ মিনিট পর্যন্ত ইন্দোনেশিয়াকে আটকে রেখেছিল ৬-১ ব্যবধানেই।

৯০ মিনিটে লুকে ভিকেরির গোলে ইন্দোনেশিয়া এগিয়ে যায় ৭-১ ব্যবধানে। তার পরপরই বাংলাদেশের ফারহান আলি ওয়াহিদ গোল করে ব্যবধান ৭-২ করেন।

২০২৩ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ইনজুরি সময়ের ষষ্ঠ মিনিটে অষ্টম এবং এরপর আরও এক গোল হজম করে বাংলাদেশ। শেষ হয় ৯-২ ব্যবধানে হেরে। ১৯৭৯ সালে দক্ষিণ কোরিয়া ও ১৯৮২ সালে ইরান ৯ গোল দিয়েছিল বাংলাদেশের জালে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর